Wednesday, October 31, 2007

উপলব্দি

আমি জানি তোমাকে
আমি জানিনা
কে?
যখন দেখি- তোমার
চুলের প্রশংসায় সবাই সপ্তমুখ
কেউ কেউ আড়াল খোঁজে
হারাবে বলে-
কেঊ আবার তার ছায়ায়
নিদ্রা নিতে চায়
তখন মনে হয়- আমি কি জানি?
তখন আমি মোটেও এইসব বলি না
আমার নিদ্রায় বালিশ প্রয়োজন
অতঃপর শ্যাম্পুর ঘ্রান ততটা
সহায়ক নয়-
অন্তত ঘুমের সময়
চুল তোমার বেকার অন্ধকার বিদিশার নিশা
আমি সেই কাথাঁও বুনিনা
আমি জীবনানন্দও নই।
তোমার চোখ,আখি,নয়ন, নেত্র
ভালবাসার পটভূমি
দৃষ্টিকর্তার মানস পটের
হাহাকার, নয়-ছয়, দিগ্বিদিকতা
যেন ঐ চোখের উত্তল লেন্সে
একীভূত হয়ে আশ্রয় খোঁজে
আরও গভীরে- যেখানে
সমুদ্র-মহাসমুদ্র-উপসমুদ্র
দৃষ্টিকর্তা পৃথিবীর এক ভাগ স্থলে দাড়াঁয়ে
তোমার চোখের আড়ালস্থ পৃথিবীর তিন ভাগ জলকে-
আশ্রয় করে
ঢেউয়ে ঢেউয়ে লুটোপুটি খেলে
তবুও আমি এইসব ইংগিত করিনা
আমি সাতাঁরে আনাড়ি
পাখির নীড়ের মতো চোখ তুলো
আমি তাও বলিনি
পাখি নই-সেই নীড়ও তাই অর্‌থহীন
তোমার চোখ, চুল, ওষ্ঠ- ব্যক্তি তুমি
গুনমুগ্ধ করেছো সবাইকে
এই সবাইতে - সকলেই আছে
যারা ভাবে সৌন্দর্যে জ্বলসিত-
তুমি এক পৌরাণিক দেবী
আমি চিনিনা তাকে
আমি চিনি
তুমি দেবী ছিলে
তুমি কখনই দেবী ছিলেনা।

খৃষ্টাব্দ’২০০৭

কথোপকথন


তোমার চোখতো এমনি সুন্দর
-জানি
তারপরও কাজল কেন ?
-তাতে সমস্যা?
বিন্দু মাত্র নেই বরং ওগুলো আরও স্বপ্নীল হয়ে উঠে
-তাহলে !
তাহলে সবাই তোমার চোখে চোখ রাখে
-রাখতে কি মানা ?
কখনোই নয় কিন্তু আমার ঈর্ষা হয়
-ঈর্ষা!
হ্যা তাই , তুমি কি এই ঈর্ষার মানে বোঝ ?


খৃষ্টাব্দ’২০০৬।

Tuesday, October 9, 2007

দিনলিপি - জন্মদিন




গত বছর একটু অন্যরকম ছিলো । একটু রঙ্গীন । এইবার সাদাকালো ।
আজ আমার জন্মদিন মানে জনবার্‌ষিকী ১৪১৪ এবং অবশ্যই সেটা শুভ ।
গত বছর জন্মরাত পালিত হয়ে ছিলো মানে কেক কেটেছি ৯ টায় যা ছিল পি.এম এইবার ১২ টায় তবে এ.এম । সেবার ছিল মিনি পার্‌টি এবার বেলে মাটি ।
বাসা থেকে গতকালই ছোটবোন শুভেচ্ছা পাঠিয়েছে - আজ বাবা বাসায় থাকবে না তাই বেচারী মুঠোফোনও পাবে না আমাকে উইস্‌ করার জন্য – আজকালের ছোটবোনেরা এই ব্যাপার গুলোতে বেশ কেয়ারিং – ২০০৭ সাল ।
কোন প্রস্তুতি ছিল না রুমমেটদের বলেছিলাম সামনে ঈদ তাই ঐ দিনেতে জন্মবার্‌ষিকী পালন করি
কিন্তু তেমনটা হয়নি-
একটা হাফপেন্ট আর টি শার্‌ট পরে শুয়ে ছিলাম, অন্ধকার ঘরে শুধু অফুরন্তু প্রাণশক্তির ধারক আমার মোমবাতি গুলো জ্বলছিলো – মনে মনে অনেক কিছু ভাবছিলাম- দেশ, মাটি আআকাশ,পাতাল,আমি,তুমি,সে আর শুধুই ভবিষ্যত এবং ১২ টা বাজতে চললো বৈকি,
আমার ঘরে ততক্ষনে হাজির আমার সব রুমমেটরা সাথে মনজিন্‌সের বিখ্যাত ব্লেকফরেষ্ট কেক
ফুঁ দিলাম- কেক কাটলাম – মুঠোফোনে ফটোসেশন চলল
তারপর আড্ডা কিন্তু কোন জলযোগ ছিলনা
একটা sms আসলো – রোকসার (ইরান) সারা জীবনের জন্য শুভ কামনা
একটা ফোন আসলো – দেবাশীষ (পুণে ফিল্ম ইনিস্টিটিউট) সারা জীবনের জন্য শুভ কামনা
একদিনের জন্য সারা জীবন!
আড্ডা চলছে
এক সময় ঘুম
সেহ্‌রী খেতে উঠলাম
তারপর পুরা দিন ঘরে ঘুমিয়ে ফ্লাট- বাইরে গেলেই মানুষ খাওয়াও – পয়সা .......
দেশ থেকে বিনা ভিসায় একটা সেলুলার বার্‌তা যার শুরুটা- হারামজাদা উইসিং ইয়উ এ ভেরী হ্যাপি... শিমুল আপা (থিয়েটার আর্‌ট ইউনিট)
দলের এজাজ ভাইও শুভেচ্ছা জানিয়েছে ফোন করে – জন্মবার্‌সিকী শেষ হবার মিনিট সাতেক আগে
ইফতারের পর নেটে একটা কাব্যিক ইমেইল পেয়েছি তবে সেটা কোন ফিমেইলের নয়...হায় কপাল!
তাক্‌সীম পাঠিয়েছে – আমার জাবি’র রুমমেট...শ্রেণীকক্ষমেট...কম্বলমেটও
দু’মাস হয় ব্যাঙালোর এসেছে একটা থিসিস্‌ প্রজেক্টে...একই দেশে আছি...আজও একটা ফোন করেনি
চরম উদমাচাঙা- আমি নাকি তার সবচেয়ে কাছের.........! থাক্‌ ইমেইলেই অফ যাই ।
গতবার এইদিন পালনে আমার কিছু প্রমিলা বন্ধু সাথে ছিল তাদের স্মরণ করলাম তাদের কেউ কেউ ভুলে গিয়েছিলো…. মনে করিয়ে দিলাম—কিছু সরি সহ যেচে যেচে অনেকের কাছ থেকে শুভেচ্ছা নিলাম ......শেষ সময়ে ।
দেশে কখনই আমার কোন জন্মদিন পালিত হয় নি
এটা ছিল আমার জীবনের দুইমাত্র জন্মবার্‌ষিকী পালন
এবং তা পরদেশে...



অক্টোবর খৃষ্টাব্দ’২০০৭।

Friday, October 5, 2007

কাঙ্গাল

তোমার হাতের আংটি হবো না
হবো কি ?
যোগ্যতা – কি তার সীমারেখা
যদি হয় আসমুদ্রহিমাচল
তোমার পায়ের আংটি হবো
করবে কি ?